যুবলীগ নেতার চোখ উত্পাটনের ঘটনায় মামলা

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০৬
হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু ও ঐ এলাকার আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ বাদী হয়ে গত সোমবার জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক ২টি মামলায় এজহার নামীয় ৩৮ জনকে ও অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। গত ৯ জুন সন্ধ্যায় ১০নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের বটতলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালায়। হামলায় যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বাদশার বাম চোখ উপড়ে দিয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা। এ সংঘর্ষের ঘটনায় এই যুবলীগ নেতাসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন, যুবলীগ নেতা মোঃ শরীফ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজাহান ও ছাত্রলীগ নেতা মোঃ আবদুর রহিম। চোখ উপড়ে ফেলা আবুল কালাম বাদশাকে ঘটনার দিন রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন জানান, এ ঘটনায় গত সোমবার হাজীগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।