ফতুল্লায় পুলিশ পরিচয়ে ডাকাতি, আহত ৪

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০৯
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের ৪সদস্যকে কুপিয়ে জখম করে ডাকাতরা লুটে নিয়েছে সাড়ে ১৪ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি তাজা ককটেল উদ্ধার করেছে। সোমবার রাত ২টায় ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় ইট বালু ব্যবসায়ী হাবিবউল্লাহ মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। হাবিবউল্লাহর পরিবারের লোকজন জানান, রাত ২টায় ২৫-৩০ জনের মুখোশপড়া ডাকাত দল হাবিবউল্লাহ মিয়ার দুই তলা ভবনের নিচ তলার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতেরা পুলিশ পরিচয়ে দ্বিতীয় তলায় গিয়ে হাবিবউল্লাহর ফ্ল্যাটে প্রবেশ করে ও ঘরের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে। বাধা দেয়ায় ডাকাতরা লোকজনদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে হাবিবউল্লাহর ছেলে সুমন (৩০), সেলিম (৩৫), রনি (২২) ও হাবিবউল্লাহর স্ত্রী আয়েশা (৫০) আহত হয়। সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।