কিশোরগঞ্জে মত্স্যচাষ বিষয়ক সেমিনার
কিশোরগঞ্জ প্রতিনিধি \ জেলা মত্স্য অধিদপ্তর ও হাওর অঞ্চলে মত্স্যচাষ ব্যবস্থাপনা প্রকল্পের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার শহরের একটি হোটেলে হাওর অঞ্চলে মত্স্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা মত্স্য কর্মকর্তা ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা ফজলুল কাবীর।
চলনবিলে পদক পেলেন প্রধান শিক্ষক
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা \ চলনবিলে নারী শিক্ষা প্রসারে অবদান রাখায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান মাদার তেরেসা পদক অর্জন করেছেন। বাংলাদেশ ম্যাগাজিন সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ও বনলতা সেন রিসার্চ ফাউন্ডেশন এ সংবর্ধনাসহ মাদার তেরেসা পদক প্রদান করে। সমপ্রতি রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য অধিদপ্তর অডিটোরিয়ামে বিশিষ্ট ভাষা সৈনিক, পরমাণু বিজ্ঞানী ও জাতিসংঘের ডিরেক্টর ড. মো. জসীমউদ্দিন ওই পুরস্কার তুলে দেন।
কমলগঞ্জ বিধবাকে পথকলি ট্রাস্টের টিন প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পথকলি ট্রাস্টের উদ্যোগে অসহায় দরিদ্র বিধবা মহিলাকে ঢেউটিন প্রদান করা হয়েছে। সোমবার আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই টিন প্রদান করা হয়। শমশেরনগর চা বাগানের বিধবা বেকার চা শ্রমিকের আবেদনের প্রেক্ষিতে তার ঘর মেরামতের জন্য দেড় বান ঢেউটিন বরাদ্দ করা হয়। পথকলি ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান চৌধুরীর ভাই শামিমুর রহমান চৌধুরীর উপস্থিতিতে আবেদনকারী মহিলা খালাম্মা রেলীকে টিন প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমান, আব্দুল মতিন।
ফরিদপুর পাসপোর্ট অফিসে ভাংচুর
ফরিদপুর প্রতিনিধি \ সোমবার একদল দুর্বৃত্ত ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় তারা প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার সদস্যকেও প্রহার করে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক খোরশেদ আলম জানিয়েছেন, ৩০/৪০ জনের একদল উচ্ছৃঙ্খল যুবক অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার পূর্বেই তারা পাসপোর্ট ডেলিভারি কাউন্টার, প্রশাসনিক ভবনের গ্লাস, ফ্যান, চেয়ার ভাংচুর চালায়।
ইসলামপুরে জাতীয় পার্টির ওয়ার্ড সম্মেলন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ সোমবার ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদর ইউনিয়ন শাখার উদ্যোগে গঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ১, ২ ও ৩ নং ওয়ার্ড দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা শাখা সদস্য সচিব জিল্লুর রহমান বিপু। মোঃ জহর আলীর সভাপত্বিতে বক্তব্য রাখেন পার্টির অন্যতম নেতা শাখা যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
ডোমারে শিক্ষা উপবৃত্তির কর্মশালা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের জন্য সামাজিক উদ্বুদ্ধকরণ দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী আহবায়ক প্রভাষক খায়রুল আলম বাবুল, শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের জেলা মনিটরিং অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জ সংবাদদাতা শফিকুল আলম ভুঁইয়ার কাঁঠালবাগানে সোমবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাগানের দুই শতাধিক কাঁঠাল লুটে নেয়। বাধা দেয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৮-১০ জন সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক শফিকুল আলমের বড় ভাই আলমগীর কবির (৪৯), তার স্ত্রী শবনম মোস্তারীন (৩০), ভাবী ফাতেমা আক্তার (৩৫), মামী আঞ্জুমান আরা বেগম (৪৭), মামাতো বোন ফারিয়া সুলতানা (১৭) আহত হয়।
বিশ্বনাথে প্রিন্সিপল উইমেন্স কলেজে সংবর্ধনা
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে সোমবার উপজেলার বাগিচাবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। প্রিন্সিপল উইমেন্স কলেজের উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর। কলেজের অধ্যক্ষ এইচএম আখতার ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাখেন বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
কুমেক হাসপাতালে সংবর্ধনা সভা
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের নবনির্বাচিত ইন্টার্ন চিকিত্সক কার্যকরী পরিষদ, নতুন কর্মস্থলে যোগ দেয়া ১২৫ জন ইন্টার্ন চিকিত্সক এবং হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেলকে সোমবার সংবর্ধনা প্রদান করে ইন্টার্ন কো-অর্ডিনেটর ও প্রাক্তন ইন্টার্ন চিকিত্সকগণ। ইন্টার্ন সমন্বয়ক ডা. মো. রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মহসিনুজ্জামান চৌধুরী।
মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
মেহেরপুর প্রতিনিধি \ গত সোমবার বিকালে মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর পৌর এলাকায় ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, পৌরসভার আওতায় মোট জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
নুরাবাদ ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা \ ভোলা চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউ পি সদস্য মুরাদ হোসেন মুন্নাসহ ৭জনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন একই ইউ পি’র সদস্য আব্দুল মতিন । সোমবার চরফ্যাশন থানায় চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় বাদী উল্লেখ করেন নুরাবাদ ইউনিয়নের ফরিদাবাদ খেয়ার ইজারাদার আমির হোসেন মাঝিকে খেয়া চালানোতে বাধা দিয়ে আসছিল ইউ পি সদস্য মুরাদ।
বগুড়ায় রাজনৈতিক অধিকার বিষয়ক সভা
বগুড়া প্রতিনিধি \ বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক এবিএম মোস্তফা কামাল। প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক এক বন্ধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার শাখা ব্যবস্থাপক মোজাফ্ফর হোসেন, সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাশেদ।
বাঞ্ছারামপুরে ৭ হাজার মানুষ মিটার পাচ্ছে না
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বিভিন্ন এলাকার সাড়ে সাত হাজার দরখাস্ত বিদ্যুত্ অফিসে জমা পড়ে আছে দীর্ঘদিন যাবত্ । তাছাড়া বিদ্যুত্ এর খুঁটির দরখাস্ত ৫ হাজার ৯ শত ৮৬, ট্রন্সফরমা ২৯০টি আবেদন জমা পড়ে আছে । সরকারি মূল্য দিয়ে ও খুিঁট, মিটার, ট্রান্সফরমা পাচ্ছে না জনগণ। অফিসের তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ানরা বিদ্যুতের মালামাল যোগাড় করে দেয়ার কথা বলে গ্রামের সহজ-সরল মানুষের নিকট থেকে টাকা-পয়সা নিয়ে হয়রানি করছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এ ব্যাপারে বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ মোবারক হোসেন-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, মালামাল স্বল্পতার কারণে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
নেত্রকোনায় প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি
নেত্রকোনা প্রতিনিধি \ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি, আবেদন দায়েরের সময়সীমা আরো ৩শত দিন বৃদ্ধি, ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলাদি সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষ থেকে দ্রুততম সময়ে প্রাপ্তিসহ অর্পিত সম্পত্তি আইনের ১৩নং ধারার ন্যায়সঙ্গত সংশোধনী আনয়নের লক্ষ্যে মঙ্গলবার নেত্রকোনা জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
নাঙ্গলকোটে প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মশালা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মশালা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনসুর, সমাজসেবা অফিসার ছায়েফ উদ্দিন, সাবেক ভিপি হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা।
রূপগঞ্জে উপবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ ও সেমিনার গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ। বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, মার্জিয়া আক্তার, রোজিনা, তাছলিমা আক্তার, শিক্ষক সমিতির সভাপতি আল আমিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হাজী আলী ওসমান।
চরভদ্রাসনে অজ্ঞান পার্টির কবলে গৃহবধূ
চরভদ্রাসন ( ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলার সদর বাজার থেকে অজ্ঞান পার্টি কেড়ে নিল গৃহিনীর স্বর্ণলংকার। গতকাল সোমবার চরভদ্রাসন হাটে কে.এম ডাঙ্গী গ্রামের শেখ রাজ্জাকের স্ত্রী বিউটির (৪০) নিকট থেকে এক ভরি ওজনের স্বর্ণলংকার নিয়ে যায় অজ্ঞান পার্টি। ঘটনার পূর্বে এক লোক তার অসহায়ত্বের কথা বলে একশ’ টাকা চায় আবার পরক্ষণে ১টি প্যাকেট দেখিয়ে বলে এটি খুব মূল্যবান জিনিস।
