পূর্ণশক্তির দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনটা দ্বিতীয় ম্যাচেও শুরু করতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মত নিজেদের দ্বিতীয় ম্যাচেও নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ককে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামতে হচ্ছে অসিদের। বার্মিংহামে ‘এ’ গ্রুপের ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে খেলাটি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ দুই আসরের শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। ফলে বিশ্বকাপের মত চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক শিরোপা জয়ের দারুণ এক সুযোগ তৈরি হয় অসিদের। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হারে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে খেলতে নামতে পারেনি অস্ট্রেলিয়া। পিঠের পুরনো ইনজুরির কারণে ইংলিশদের বিপক্ষে নামতে পারেননি ক্লার্ক। ফলে দলের অধিনায়কত্বের দায়িত্ব পান জর্জ বেইলি। তারপরও দলের হার এড়ানো সম্ভব হয়নি।
একই সমস্যা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলতে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এ ম্যাচেও দলে দেখা যাবে না ক্লার্ককে। কারণ এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। ক্লার্কের বর্তমান অবস্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের ফিজিও অ্যালেক্স কন্তরিস, ‘মাইকেল এখনো লন্ডনে চিকিত্সাধীন রয়েছে। তার ভালো উন্নতি হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ফিট হতে পারেননি তিনি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তাকে ছাড়াই খেলতে হবে অস্ট্রেলিয়াকে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে তাকে সুস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো আমরা।’
ক্লার্ককে ছাড়া অনুশীলন ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারালেও ভারতের কাছে লজ্জার হার বরণ করে অসিরা। ৩০৮ রানের বড় টার্গেটে খেলতে নেমে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায় তারা। হারের লজ্জাটা ছিল ২৪৩ রানের।
দলগত পারফরমেন্স ও অধিনায়কের না খেলার চিন্তায় জর্জরিত অস্ট্রেলিয়া। কিন্তু সেদিক দিয়ে অনেকাংশেই ফুরফুরে মেজাজেই রয়েছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল কিউইরা। জয়ের সেই রসদটা চ্যাম্পিয়ন ট্রফিতেও অব্যাহত রাখে নিউজিল্যান্ড।
নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলংকাকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে কিউইরা মাত্র ১ উইকেটে হারায় শ্রীলংকাকে। তাই অনেকটা ব্যাকফুটে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচও জিততে চায় নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। - বাসস/এএফপি
