মারিও বালোতেল্লি শেষ পর্যন্ত হয়তো ফ্যানি নিগুইশার সঙ্গেই গাটছড়া বাঁধতে যাচ্ছেন। বান্ধবির আঙ্গুলে এক লাখ পাউন্ডের হিরার আংটি দিয়ে বাগদানের কাজটাও সেরে ফেলেছেন তিনি। দি সানে প্রকাশিত এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন নিগুইশাও। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে নিজের আংটি শোভিত বাঁহাতের একটা ছবিও প্রকাশ করেছেন তিনি। মাস ছয়েক আগে দু’জনের যোগাযোগ শুরু হওয়ার পরে ক্রমেই দু’জন দু’জনার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিয়ের পরিকল্পনাও করেন একাধিকবার। শেষ পর্যন্ত সেগুলো বিয়ে পর্যন্ত না গড়ালেও এবারের বিষয়টি ভিন্ন বলেই মনে হচ্ছে। কারণ, নিজের প্রকাশ করা ছবির নিচে বেলজিয়ান সুন্দরি লিখেছেন ,‘এটা এখন আনুষ্ঠানিক।’ এ বিষয়ে ইতালিয়ান স্ট্রাইকারের কোন বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া না গেলেও একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ বছরের শেষ দিকেই বড় আয়োজনের মধ্য দিয়ে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা করছেন তারা। আর সামনের ছুটিতে নিরিবিলিতে বসে এ বিষয়ে একসাথেই সিদ্ধান্ত নেবেন এই জুটি।
