নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী সোমবার অপরাহ্নে সিলেট সার্কিট হাউজে ইত্তেফাককে বলেন, বিভিন্ন পর্যায়ের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য মতে সিলেটে শান্তিপূূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। তিনি এক প্রশ্নের জবাবে বলেন এখনো সেনা মোতায়েনের মত পরিস্থিতি নেই। তাছাড়া সিলেটের মানুষ শান্তি প্রিয়, কোন গোলযোগ হবে না। তাছাড়া পুলিশ-র্যাব, বিজিবি মাঠে থাকবে। তিনি বলেন, আমরা সকলের সহযোগিতায় এমন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব যা নিয়ে কোন কথা হবে না। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্বাচন হবে যেখানে সরকার বা কারোরই প্রভাব থাকার অবকাশ নেই।
তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, ২ নং ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট হবে এবার। তবে জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করতে হলে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। পর্যাপ্ত ইকুইপম্যান্টও নেই এখন। এর জন্য দক্ষ লোকও তৈরি করতে হবে।
নির্বাচন কমিশনার জাবেদ আলী নির্বাচনকালীন আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে সোমবার সকালে বৈঠকও করছেন আলমপুরে বিভাগীয় কমিশনারের কনফারেন্স হলে। বৈঠকে সিলেটের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
