বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। নেপিডোতে তিনদিনের এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। অন্যদিকে মিয়ানমারের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন দেশটির ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী উ থান্ট কিয়াও। বৈঠকে দ্বি-পাক্ষিক সকল ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ জোর দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বৈঠকে যোগ দেয়ার উদ্দেশ্যে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাতে ঢাকা ত্যাগ করেন।
বৈঠকে দ্বি-পক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ের মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, উপকূলীয় জাহাজ ও সরাসরি বিমান চলাচল, গ্যাস আমদানিসহ জ্বালানি খাতে সহযোগিতা, সীমান্ত চোরাচালান বন্ধের বিষয় গুরুত্ব পাবে। দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়টি সুরাহার ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। এছাড়া সীমান্তের দুই পাড়ের দেশ হলেও দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সহযোগিতা তেমন নিবিড় নয়। এ পরিস্থিতিতে এবারের বৈঠকে দুই সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতা বাড়াতে একটি কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে।
এছাড়া মিয়ানমার সফরকালে পররাষ্ট্রসচিব শহীদুল হক রাখাইন রাজ্যের সিটুয়েতে যাবেন। গত বছর দুই দফা জাতিগত সংঘাতের পর সেখানকার বাস্তুচ্যুত লোকজনের অবস্থা ও তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতেই ঐ এলাকা পরিদর্শন করবেন তিনি।
