শোক সংবাদ

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:২৪
আজিজুর রহমান খান সোনালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন জেনারেল ম্যানেজার আজিজুর রহমান খান গত ৬ জুন তার নিজ বাসভবন সেক্টর-১৪, বাড়ি-৩৯, উত্তরা, ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বরিশাল জেলার কোতোয়ালী থানাস্থ টুংগিবাড়িয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোতাহার আলী খানের ২য় পুত্র। তিনি ২ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। নার্গিস আক্তার মীরা জিয়ানগরের পার্শ্ববর্তী মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম সেলিমের স্ত্রী নার্গিস আক্তার মীরা (৫২) ইন্তেকাল করেছেন। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাকে বরিশাল কালিজিরা এলাকায় তার বাবার বাড়িতে দাফন করা হয়। সবিতা চক্রবর্তী মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য শ্রী পার্থ সরথী চক্রবর্তীর মাতা শ্রীমতী সবিতা চক্রবর্তী (৮৮) গত ৮ জুন শনিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিল্পী রতন চক্রবর্তী টাঙ্গাইলের বিশিষ্ট কণ্ঠশিল্পী, সঙ্গীত প্রশিক্ষক ও সপ্তসুর সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা রতন চক্রবর্তী (৭২) সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে শহরের কালিবাড়ী রোডের বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পঞ্চাশ থেকে ষাট দশক পর্যন্ত সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুতে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গিরিধারী লাল পণ্ডিত কুষ্টিয়ার ভেড়ামারার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ভেড়ামারা কলেজের প্রভাষক কৃষাণ কুমার পণ্ডিতের পিতা শ্রী গিরিধারী লাল পণ্ডিত আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার ভেড়ামারা মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অসীম কুমার সমদ্দার বরগুনার বেতাগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের বাসিন্দা অসীম কুমার সমদ্দার (৪৭) সোমবার রাতে ঢাকায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।