রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দশটি আগ্নেয়াস্ত্রসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী। নির্বাচনকে সামনে রেখে তারা এসব আগ্নেয়াস্ত্র রাজধানীতে এনেছে। ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের কাছে এসব আগ্নেয়াস্ত্র তারা বিক্রি করছে। গ্রেফতারকৃতরা হলেন, কামাল হোসেন ওরফে তাওরাশ কামাল ওরফে ডাবল সাইলেন্সার কামাল ওরফে পিচ্চি কামাল ওরফে সিপ্রং কামাল (৩৭), কবির হোসেন ওরফে কবির (৩৮), ইস্রাফিল (৪০), শাহরুখ তালুকদার (৪২), শামসুল আলম ওরফে শিমুল (৩৫), কামলা রাসেল (২৫), মিলু রাসেল (২৫), শামীম (৩০), সুমন চৌধুরী (৩৫), মাসদু রানা ওরফে আলম (৩২) , আরিফুল ইসলাম ও ফারজানা আক্তার (২৫)। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ৬১ রাউন্ড গুলি ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখায় এক সাংবাদিক সম্মেলনে গ্রেফতারকৃতদের হাজির করা হয় সাংবাদিকদের সামনে। ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, মে মাসে এক অভিযানে একটি অস্ত্র চোরাকারবারি দলের কয়েকজন সদস্যকে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বংশাল ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন ওরফে পিচ্চি কামাল, কবির, ইস্রাফিল, শাহরুখ এবং শামসুল নামে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে পিস্তল, রিভলবারসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
গোয়েন্দা পুলিশের আরেকটি দল একই রাতে বাসাবো এলাকা থেকে কামলা রাসেল ও মিলু রাসেল নামে দুজনকে গ্রেফতার করে। এরা দু’জন ছিনতাইকারী। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশের আরেকটি দল পশ্চিম রামপুরা থেকে ফারজানা আক্তার নামে এক নারীকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করে। তার কাছে একটি পিস্তলও পাওয়া যায়। এছাড়া মোহাম্মদপুর থেকে শামীম, সুমন, মাসুদ এবং আরিফুল নামে আরো চারজনকে একটি পিস্তল, দু’টি চাপাতিসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, এসব ঘটনায় অস্ত্র আইনে মোট পাঁচটি মামলা করা হচ্ছে। এসব অভিযানে ৬১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। উদ্ধার করা সব অস্ত্রই অস্ত্র কারবারীদের হাত দিয়ে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের কাছে গেছে। এদের মধ্যে কেউ কিনেছে, কেউ ভাড়ায় নিয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন।
