চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী ভূমিহীন লোকজনকে পুনর্বাসনের জন্য নগরীর টাইগারপাস এলাকায় ছয়তলা ভবন নির্মাণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আগামী বছর এ ভবনে প্রতি পরিবারকে সহজ কিস্তিতে ২৫০ বর্গফুটের একটি আবাসন বরাদ্দ দেয়া হবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ২০০৭ সালে পাহাড় ধসে নিহতদের স্মরণে আয়োজিত শোক সভায় এ কথা বলেন সিটি মেয়র এম মনজুর আলম।
সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত সভায় মেয়র আরো বলেন, আসন্ন বর্ষা মৌসুমে যাতে আর পাহাড় ধসে মূল্যবান প্রাণহানি না ঘটে, সেজন্য চট্টগ্রামে ১৩টি পাহাড়ে রেড এলার্ট জারি করা হয়েছে। মেয়র পাহাড় থেকে কমপক্ষে ৪০ ফুট দূরে বসবাস করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নেয়ায় মেয়র চট্টগ্রাম জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
