বরিশালে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলে বর্ধিত নগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে অত্যাধুনিক পার্ক ও খেলার মাঠ নির্মাণ, নগরীর কেন্দ্রস্থলে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি মার্কেট নির্মাণের কথা বলা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেসরকারি হাসপাতাল ও একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে বলে তিনি ইশতেহারে উল্লেখ করেছেন।
শওকত হোসেন হিরন বলেন, নির্বাচিত হতে পারলে নদীবেষ্টিত বরিশাল শহরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থাপন করা হবে। বিবির পুকুর সংলগ্ন পাবলিক স্কয়ার, বিএম কলেজকে ওয়াইফাই জোন হিসেবে ঘোষণা করা হবে। ভোলার উত্পাদিত গ্যাস বরিশালে এনে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে। যানজট নিরসনে সদর রোডে উড়াল সেতু নির্মাণ করা হবে। সহজ যাতায়াতের জন্য সিটি বাস সার্ভিসের সংখ্যা বাড়ানো হবে। কীর্তনখোলা নদীর বেলতলা থেকে দপদপিয়া সেতু পর্যন্ত রিং রোড স্থাপন করা হবে। দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে নগর ভবনকে সকল সেবাদানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলো সংস্কার করা হবে। নগরীতে ব্যাপক হারে বৃক্ষ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শান্তি ও সমৃদ্ধির শহরে রূপান্তর করা হবে বরিশালকে। সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে নিরক্ষরমুক্ত নগরী গড়তে তিনি কাজ করবেন বলে অঙ্গীকার করেন। লিখিত ইশতেহার পাঠ শেষে শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ৩৮ বছরে বরিশাল নগরীতে যত উন্নয়ন হয়েছে গত সাড়ে চার বছরে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছেন শওকত হোসেন হিরন। তিনি উন্নয়নের স্বার্থে বরিশালবাসীকে টেলিভিশন প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
উপদেষ্টা মন্ডলীর অপর সদস্য তোফায়েল আহমেদ এমপি শওকত হোসেন হিরনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, আপনারা যোগ্য ব্যক্তি পেয়েছেন। তাকে হারালে বরিশালের মানুষ চরম ভুল করবে।
অনুষ্ঠানে সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, তালুকদার মোঃ ইউনুস এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমুখ।
