সংবিধান কার্যকরের আগের অপরাধের বিচারের বৈধতা চ্যালেঞ্জ

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:৪৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপির আটকাদেশ অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, সংবিধান কার্যকর হওয়ার আগের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে হতে পারে না। কেননা এই আইনটি হয়েছে ৭২’র সংবিধানের ৮০ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে। সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এ রিট করেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চে গতকাল মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে সরকার পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী রবিবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। প্রসঙ্গত, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২০১০ সালের ১৬ ডিসেম্বর রমনা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন ট্রাইব্যুনাল তাকে জেল-হাজতে আটক রাখার আদেশ দেয়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া এই আটকাদেশ চ্যালেঞ্জ করে এ রিট করা হয়। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, আইজি প্রিজন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে অবৈধভাবে আটক রাখা হয়নি, সে ক্ষেত্রে আদালতের সন্তুষ্টির লক্ষ্যে তাকে আদালতে হাজির করতে বিবাদীদের প্রতি নির্দেশনা কেন দেয়া হবে না এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। এছাড়া দণ্ডবিধির ২২০ ধারা অনুযায়ী সালাউদ্দিন কাদেরের আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ও বিচারকার্য অব্যাহত রাখা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারির আবেদন করা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভাকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমিন সরকার। শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের সংবিধান কার্যকর হয়েছে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। এই সংবিধানের ৮০ অনুচ্ছেদের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-৭৩ পাস হয়েছে। এই আইনের অধীনে সংবিধান কার্যকর হওয়ার আগের অপরাধ বিচার করা যাবে না। তিনি বলেন, যেহেতু আইন হয়েছে সংবিধান হওয়ার পরে, সেখানে পূর্বে সংঘটিত ঘটনার বিচার সংরক্ষণ করা হয়নি। অর্থাত্ পূর্বের ঘটনার বিচারের জন্যে আইনে ভূতাপেক্ষা কার্যকারিতা দেয়া হয়নি। আর ভূতাপেক্ষা কার্যকারিতা দিয়ে থাকলেও সেটা হবে অবৈধ।