বরিশালের গৌরনদী পৌর এলাকার আশোকাঠী মহল্লায় পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরনদী-ধামুড়া খালের পালরদী হাইস্কুল অ্যান্ড কলেজের সম্মুখে হাফিজা আক্তার বীথির (২০) লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। তাত্ক্ষণিক পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, তরুণীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। নিহত তরুণী গৌরনদী পৌর এলাকার আশোকাঠী মহল্লার সাহেব আলী ওরফে সাকু সরদারের কন্যা। এ ঘটনায় সাহেব আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।
