বাবুনগরী চট্টগ্রামে চিকিত্সা নিচ্ছেন স্থানীয় ক্লিনিকে

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:৪৯
জামিনে মুক্ত হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামে আনা হয়েছে। সোমবার রাতে ঢাকার বারডেম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে চট্টগ্রামে আনা হয়। গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম পৌঁছার পর তাকে নগরীর ওআর নিজাম রোডের বেসরকারি ক্লিনিক সিএসসিআরে ভর্তি করা হয়। অসুস্থ এ নেতা বর্তমানে ক্লিনিকটির আইসিউতে রয়েছেন। গতকাল দুই বিশেষজ্ঞ চিকিত্সক ডা. ইব্রাহিম চৌধুরী ও শামীম বখশ বাবুনগরীকে চিকিত্সা দিয়েছেন। অসুস্থ বৃদ্ধা মা‘কে দেখার জন্য বাবুনগরী চট্টগ্রামে এসেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর জামাতা মাওলানা আবদুল্লাহ গতকাল ইত্তেফাককে জানান, বারডেম হাসপাতালে চিকিত্সা নেয়ার পর তার শ্বশুর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। চট্টগ্রামে তাকে আরেক দফা চিকিত্সা দেয়ার জন্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বাবুনগরী তার মাকে দেখতে যাবেন। গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচির পরদিন বাবুনগরীকে লালবাগ মাদরাসার নিকটবর্তী এলাকা থেকে সুনির্দিষ্ট চারটি মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিত্সার জন্য বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন থাকা অবস্থাতেই তিনি জামিন লাভ করেন।