খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তিন মেয়র প্রার্থীর ঘুম হারাম হয়ে গেছে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নগরী চষে বেড়াচ্ছেন। বসে নেই তাদের কর্মী-সমর্থকরাও। প্রার্থীদের প্রচার-প্রচারণা আর কর্মী-সমর্থকদের শ্লোগানে ‘ভোট’ উত্সবের নগরীতে পরিণত হয়েছে শিল্পনগরী খুলনা।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সারাদিন নগরীর দিলখোলা মোড়, পূর্ব বানিয়াখামার, মিস্ত্রিপাড়া বাজার, রসুলনাগ এলাকা, বাগমারা মেইন রোড, গফফারের মোড়, মতলেব মোড়, দোলখোলা বাজার, শীতলাবাড়ি, রায়পাড়া, ইসলামপুর, ইকবালনগর, শেরেবাংলা রোড, নিরালাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, গত পাঁচ বছরে মেয়র থাকা অবস্থায় নগরীর জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করেছি। খাল অবমুক্ত, অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি। যে কারণে আজ নগরীতে আগের মত জলাবদ্ধতা হয় না। আপনাদের সহযোগিতা পেলে এ এলাকার রাস্তাঘাট, ড্রেন, কালভার্টসহ পয়ঃনিষ্কা-শন ব্যবস্থা বৃদ্ধি করা হবে। নগরীর আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, যারা খুলনার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, খুলনাকে একটি মৃত নগরীতে পরিণত করেছে, তাদের দ্বারা কখনই খুলনার উন্নয়ন সম্ভব নয়।
এদিকে তালুকদার আব্দুল খালেকের সমর্থনে গতকাল দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজা, মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাসহ নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এদিকে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির সমর্থনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা দোলখোলা, রায়েরমহল, ইকবালনগর, মুসলমানপাড়া, শেখপাড়া, মৌলভীপাড়া, খালিশপুর, দৌলতপুরসহ নগরীর বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় নেতৃবৃন্দ মনিরুজ্জামান মনির আনারস প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগামী ১৫ জুনের নির্বাচনে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিকে জয়যুক্ত করতে হবে। আনারস প্রতীকে ভোট দিতে হবে। ভোট দেয়ার পাশাপাশি ব্যালট বাক্স পাহারা দেয়ার জন্যও বক্তারা ভোটারদের প্রতি আহবান জানান। এছাড়া যুবদল, মহিলা দল, জামায়াতে ইসলামীর মহিলা শাখাসহ ১৮ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মনির পক্ষে প্রচারণা চালায়।
অপর দিকে জাতীয় পার্টি ( জাপা) সমর্থিত নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধুর পক্ষে মাঠে নেমেছেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার। মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম মধুর দোয়াত-কলম প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করে গতকাল মঙ্গলবার নগরীর আইনজীবী সমিতি ভবন, ডাকবাংলোর মোড়, বেবিস্ট্যান্ড, সম্রাট বাজার, হার্ডমেটাল গ্যালারি, রেলওয়ে রোড, স্টেশন রোড, ক্লে রোড, রেল স্টেশন, টার্মিনাল ঘাট, রেলওয়ে ঘাট কলোনীসহ বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেন।
কারচুপি করে হারানো হলে
সরকার পতনের এক দফার
আন্দোলন : তরিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের বিজয় ছিনিয়ে নেয়ার চক্রান্ত চলছে। কোন প্রকার কারচুপির মাধ্যমে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিকে হারানো হলে খুলনা বিভাগ থেকে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর হাজী মুহসীন রোডস্থ মনিরুজ্জামান মনির নির্বাচনী প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
আগামী ১৫ জুনের কেসিসি নির্বাচনে সরকারি দলের প্রার্থীর পক্ষে ব্যাপক টাকা ছড়ানোর মাধ্যমে ফলাফল পাল্টে দেয়ার চক্রান্ত চলছে উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আচরণ বিধি লংঘন করে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তরিকুল ইসলাম বলেন, শেয়ার বাজার লুটপাট, হলমার্ক কেলেংকারি, পদ্মাসেতু দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রানা প্লাজায় হত্যা, তাজরীন গার্মেন্টসে হত্যাকাণ্ডসহ সরকারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। সরকারের সকল ষড়যন্ত্র উপেক্ষা করেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনিকে ভোট দেবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, অধ্যাপক মাজিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি, ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি প্রমুখ।
