চাকরি স্থায়ীকরণের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তালা

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:৫২
চাকরি স্থায়ীকরণ ও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে গতকাল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছরের শুরুতে সাবেক ভিসি প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে দুইশ’ ৬১টি পদের বিপরীতে সাড়ে ছয়শ’ জনকে নিয়োগ দেয়। এ নিয়োগ বাতিলে একাধিকবার বর্তমান ভিসি ড. একেএম নূর-উন-নবীর কাছে চিঠি দেয়া হয়েছে। কিন্তু ভিসি সিদ্ধান্ত নেয়ার আগেই গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ ও দুই মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করে। পরে আন্দোলনকারীরা ভিসির সঙ্গে দেখা করে জানান, নিয়মানুযায়ী তারা নিয়োগপত্র পেয়েছেন। তাদের নিয়োগ বাতিল করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আজ বুধবার দাবি আদায়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ ব্যাপারে ভিসি ড. একেএম নূর-উন-নবীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আন্দোলনকারীদের ছয় মাসের জন্য এডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। নিয়মানুযায়ী তাদের নিয়োগের মেয়াদ শেষ হয়ে গেছে। আমি সঠিক নিয়মে সিদ্ধান্ত নেব।