নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের মধ্যে সংসদের বাইরে সমঝোতার লক্ষ্যে উদ্যোগ নেয়ার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেছেন, নতুন স্পিকার ইতিমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন, আমরা মনে করি- এ ব্যাপারেও তিনি উদ্যোগ নেবেন। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আ.স.ম হান্নান শাহ বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে সরকার দেশের রাজনীতিতে অগ্নিসংযোগ করেছে। এখন সরকারকেই এই আগুন নেভাতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অন্যথায় দেশের মানুষ জ্বলে উঠলে সরকার আগুনে ভষ্মীভূত হয়ে যাবে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে গতকাল সাতমসজিদ রোডের একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় এম কে আনোয়ার বলেন, সরকার নির্দলীয় সরকারের বিষয়ে সংসদে আমাদের প্রস্তাব দিতে বলছে। সংসদে আমাদের সদস্য সংখ্যা মাত্র ৩৫ জন।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক ভাবনা’ আয়োজিত ‘বাংলাদেশের মানবাধিকার: সংবিধান ও বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারপক্ষীয়। এই কমিশনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই এই নির্বাচন কমিশনকে বাদ দিতে হবে।
