মেহেরপুর বিএনপির অফিসে ছাত্রলীগের হামলার সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কর্মরত এসআই দুলু মিয়া আহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ ও পুলিশ বাদী হয়ে মেহেরপুর বিএনপির ৩৬০ জন নেতা-কর্মীর নামে ৩টি মামলা দায়ের করেছে। গত ১০ জুন রাতে এ মামলাগুলো রেকর্ড করা হয়। গত সোমবারের হরতালের বিরুদ্ধে গত রবিবার রাতে মেহেরপুর ছাত্রলীগ জেলা শহরে মিছিল বের করে। এক পর্যায়ে ছাত্রলীগ বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি নেতাদের ৩টি মোটর সাইকেল ভাংচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়। পুলিশ সংঘর্ষ ঠেকাতে গেলে এসআই দুলু মিয়া আহত হন। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন বলেন, এদিন রাতে ছাত্রলীগের উদ্যোগে জামায়াত-শিবিরের ডাকা হরতালের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই সময় ছাত্রলীগের মিছিলটি শহরের বিএনপি অফিসের সামনে পৌঁছলে বিএনপি কর্মীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে দারোগা দুলু মারাত্মক আহত হন।
এদিকে বিএনপি’র জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন জানান, বিএনপি অফিস ভাংচুর করার পর পুলিশের উপস্থিতিতে সেখানে থাকা ৩টি মোটর সাইকেল ভাংচুর করে চলে যায় ছাত্রলীগের ক্যাডাররা।
