তারেক রহমানের লিগ্যাল নোটিসের জবাব দিয়েছেন আইন প্রতিমন্ত্রী

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:৫৪
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইস্যু করা লিগ্যাল নোটিসের জবাব দিয়েছেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি। জবাবে তারেক রহমানের লিগ্যাল নোটিস প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারেকের দেয়া নোটিসের বক্তব্য বিকৃত, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। তারেক রহমানকে নিয়ে তিনি যা বলেছেন তা ‘সত্য’ ও ‘বস্তুনিষ্ঠ’। আইন প্রতিমন্ত্রীর পক্ষে এডভোকেট আব্দুল মতিন খসরু গতকাল মঙ্গলবার এ নোটিসের জবাব দেন। জবাবে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার পরও তারেক রহমান আদালত থেকে দূরে সরে আছেন। তিনি যুক্তরাজ্য ও সৌদী আরবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বক্তব্যও দিয়েছেন। আদালতে উপস্থিত না হয়ে এ ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে তিনি আদালতের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন। আব্দুল মতিন খসরু গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক অসত্ উদ্দেশ্য’ থেকেই কামরুল ইসলামকে ওই নোটিস দেয়া হয়েছিলো। গত ২৮ মে আইন প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিস পাঠান তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।