যশোরে আহাদ মিলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫০ হাজার মণ পাট

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:৫৪
যশোরের ঝুমঝুমপুরের আহাদ জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যশোর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিলের গুদামের ২টি শেডের প্রায় ৫০ হাজার মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ দাবি করেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। যশোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুরুতে গুদামের মধ্যে পানি দিলেও তা নিচ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এ কারণে থেমে থেমে আগুন জ্বলছিল। সারারাত চেষ্টায় আগুনের মাত্রা কমিয়ে আনা হয়। মঙ্গলবার দুপুর নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। পাটের পোড়া স্তূপ ও ছাই অপসারণের পরই কেবল পুনরায় আগুন ধরার আশঙ্কা দূর হবে। আহাদ জুট মিলের ব্যবস্থাপক গোলাম ফারুক জানান, কয়েকদিন আগে শেড দুটিতে নতুন পাট ঢুকেছে। এ কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।