বর্ণিল আয়োজনে সিজেএফবি’র

১৪ বছর পূর্তি উদযাপন

আপডেট : ১২ জুন ২০১৩, ১৯:০৯
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত ৭ জুন ১৪ বছর পূর্তি উদযাপন করল কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। স্থানীয় একটি হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার মধ্যে ছিল সম্মাননা প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত তথ্য সচিব মর্তুজা আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্লোব সফট্ ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, আশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম ভুঁইয়া, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার, ভাসাবি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। স্বাগত বক্তব্য রাখেন সিজেএফবি’র সাধারণ সম্পাদক মোর্শেদ নাসের এবং সভাপতিত্ব করেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন সিজেএফবির উপদেষ্টা অনুরূপ আইচ, এমএস রানা এবং তামিম হাসান। উদ্বোধক এইচ টি ইমাম তার বক্তব্যে গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম হচ্ছে একটি দেশের আয়না। এই আয়না পরিষ্কার রাখার দায়িত্ব সরকারের। বর্তমান সরকার সবসময় আয়না পরিষ্কার রাখার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য খবর জনগণের মাঝে পরিবেশন করা, কোনো গুজবকে খবর বলে চালিয়ে দেওয়া ঠিক নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হচ্ছে সংবাদকর্মীদের কাজ। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আঁখি আলমগীর, তিশমা, পড়শী, বালাম, শহীদ, পূজা। মনোমুগ্ধকর পারফর্মেন্সে অংশ নেন শখ, মেহজাবিন, মাশিয়াত। অনুষ্ঠান উপস্থাপনা করেন নুসরাত ফারিয়া।