‘গৃহকর্মে শিশুশ্রমকে না বলুন’— প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে গৃহকর্মে নিয়োজিত শিশুদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার আহবান জানান। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত জাতীয় সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএলও’র ডিপুটি ডিরেক্টর গগন রাজভাণ্ডারী। স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের প্ল্যানিং’র ডেপুটি চিফ এ এন এম আজিজুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মনিরুল ইসলাম খান। আলোচনা করেন সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইকবাল নায়ার, বিএসএএফ-এর চেয়ারম্যান মো. এমরানুল হক চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
