স্পিকারের সঙ্গে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর ও ড্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাত্

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৫০
বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত স্ব্যান্ড ওলিং গতকাল পৃথকভাবে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেছেন। ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর ও স্পিকারের মধ্যে বৈঠকের সময় বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এনেলি লিন্ডাল কেন্নি ও সুইজারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় জানায়, সাক্ষাত্কালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তারা জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের উন্নয়নে ইউএনডিপির অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। স্পিকার বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপির ভূমিকার প্রশংসা করে বলেন, ইউএনডিপি অর্থায়নে প্রকল্পের মাধ্যমে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সামর্থ্য বৃদ্ধিতে কারিগরি সহযোগিতা গণতন্ত্রের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশে সকল খাতে প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে নারী উন্নয়ন ও জেন্ডার সমতাকে গুরুত্ব দেয়া হয়। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি ও উন্নয়ন অংশীদারদের বর্ধিত সহযোগিতা কামনা করেন। ডেনমার্কের রাষ্ট্রদূত স্ব্যান্ড ওলিং বলেন, বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নকে ডেনমার্ক যথেষ্ট গুরুত্ব দেয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযোগিতা প্রদানে বিশেষ করে জাতীয় সংসদ সচিবালয় ও কমিটি কার্যক্রমে ডেনমার্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্পিকার বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ককে অত্যন্ত চমত্কার উল্লেখ করে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।