গাড়ি চাপায় ভ্যান চালক নিহত

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৫১
রাজধানীর কচুক্ষেতে প্রাইভেটকার চাপায় আইসক্রিম কারখানার এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম আব্দুল মাজেদ ভাণ্ডারী। তিনি সেনাকল্যাণ সংস্থা পরিচালিত সেভয় আইসক্রিম কারখানার ভ্যানচালক। গতকাল সকাল ৯টার দিকে কচুক্ষেতে সেনাবাহিনীর গোয়েন্দা অফিসের সামনে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, আব্দুল মাজেদ আইসক্রিমের ভ্যান নিয়ে গোয়েন্দা অফিসের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দিলে আব্দুল মাজেদ চাপা পড়েন। তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঐ প্রাইভেটকারের চালক এমদাদুল করিমকে আটক করে। তিনি আইডিবি’র একজন সাবেক কর্মকর্তা। ঘটনার পর আব্দুল মাজেদের বড় ভাই বাদী হয়ে কাফরুল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারের চালক নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিবেন—এই মুচলেকার ভিত্তিতে চালক এমদাদুল করিমকে ছেড়ে দেয়া হয়েছে। তবে গাড়িটি থানায় জব্দ রয়েছে।