আট বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী রাফায়েল নাদাল বলেছেন, রজার ফেদেরারের রেকর্ড ১৭ টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার দিকে এখনই দৃষ্টি নিবদ্ধ করতে চান না তিনি। মাত্রই রোলা গ্যারোতে ক্যারিয়ারের দ্বাদশ গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল গত মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাত্কারে একথা বলেন।
গত সপ্তাহে শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে স্বদেশি স্প্যানিয়ার্ড ডেভিড ফেরারকে হারিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের তালিকায় নাদাল উঠে এসেছেন অস্ট্রেলিয়ার রয় এমারসনের পাশে। ১৪ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাদাল আর ফেদেরারের মাঝে আছেন শুধু পিট সাম্প্রাস। তবে নাদালের ভাবনায় এখনই এসব কিছু আসছে না। ইনজুরি সমস্যা কাটিয়ে আবারো কোর্টে ফিরতে পেরেই আপাতত খুশি তিনি। ফেদেরারের রেকর্ডকে এখনো বহুদূরের পথ উল্লেখ করে ২৭ বছর বয়সী তারকাটি বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে এটা (ফেদেরারের রেকর্ড) আমার থেকে আলোক বর্ষ দূরে অবস্থান করছে। এখন আসলে আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে চাই না।’
হাঁটুর ইনজুরি কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর দারুণ কাটছে নাদালের সময়টা। হতাশাজনক সেই সময়টাকে পেছনে ফেলতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা আরো একবার জানালেন তিনি। নাদাল বলেন, ‘তিন মাস আগেও আমি ছিলাম জড় পদার্থের মতো। শুরুর দিকে ক্ষতটা ছিল খুবই ব্যথাদায়ক। তবে টুর্নামেন্ট গড়ানোর সাথে সাথে অবস্থার উন্নতি হতে থাকে। যেটা ছিল আসলেই দারুণ একটা খবর। আগামী কয়েকদিন আমি হাঁটুতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবো। বেশ কয়েক সপ্তাহ ধরে যেটা করা হয়নি। পরীক্ষার ফলাফল ইতিবাচক হবে বলেই আমার বিশ্বাস।’
এদিকে আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বল্ডন। জার্মানির হালে উইম্বল্ডনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে অংশ না নিয়ে নাদাল ঐ সময়টা ব্যয় করবেন বিশ্রাম নেয়ার কাজে। তবে এই বিশ্রামই তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নাদাল নিজেই। গত বছরের মতো অঘটনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। নাদাল বলেন, ‘এটা (উইম্বল্ডন) দিয়েই শুরু করতে হলে, পরে কি হবে সেটা বলা যায় না। আমার ইচ্ছা সেখানে (লন্ডনে) গিয়ে ভালোভাবে অনুশীলন করা এবং প্রথম কয়েক রাউন্ড পার করা। দেখা যাক কি হয়।’
উল্লেখ্য, লুকাস রোসল নামের তুলনামূলক অখ্যাত এক খেলোয়াড়ের কাছে হেরে গত বছর উইম্বল্ডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন নাদাল। এরপরে আর একটা গ্রাস কোর্ট টুর্নামেন্টেও মাঠে নামেননি তিনি।
