ঘুমের ঘোরে দুই হাজার কোটি টাকা স্থানান্তর!

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:৫৮
ক্লান্ত এক ব্যাংক কর্মচারী জার্মানির একটি ব্যাংকে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েন। নিজের কম্পিউটারের কিবোর্ডের উপর মাথা ঠেস দিয়ে ঘুমাতে ঘুমাতে একটি ব্যাংক একাউন্টে ২২ কোটি ২২ লাখ ২২ হাজার ২২২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৩০৪ কোটি টাকা) স্থানান্তর করে দেন তিনি! যদিও মাত্র ৬৪ দশমিক ২০ ইউরো স্থানান্তরের কাজ করছিলেন তিনি। আর এ লেনদেনটি অনুমোদন করেন ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আর এই অনুমোদনের জন্য কর্মকর্তাকে চাকরি বাঁচাতে শেষ পর্যন্ত আদালতে যেতে হয়েছে। যদিও অপর এক সহকর্মীর চোখে ভুলটি ধরা পড়ে এবং তা সংশোধন করা হয়। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। শ্রম আদালতে বলা হয়, ঐ কর্মচারী এক অবসরপ্রাপ্ত ব্যক্তির ব্যাংক একাউন্টে ৬৪ দশমিক ২০ ইউরো স্থানান্তরের কাজ করছিলেন। কিন্তু তাত্ক্ষণিকভাবে কম্পিউটারের কী বোর্ডের উপর হাত রেখে ঘুমিয়ে পড়েন তিনি। এতে ২ বাটনটির উপর বেশ লম্বা চাপ পড়ে। ফলে ৬৪ এর বদলে ২২২২২২২২২.২২ ইউরো লেখা হয়ে যায় এবং সেই অর্থ স্থানান্তরও হয়ে যায়। এক ঊর্ধ্বতন কর্মকর্তাও এই লেনদেন বৈধ মনে করে তা অনুমোদন করেন। এতে ওই কর্মকর্তার চাকরি চলে যায়। এ বিষয়ে আদালতের রায়ে বলা হয়, ঘুমিয়ে পড়া কেরানির ভুলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা সঠিক পদক্ষেপ নয়। তাই ওই কর্মকর্তাকে তার চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন আদালত।