এসএমএসে জানা যাবে কে কোন কেন্দ্রে ভোট দেবেন

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:৫৯
রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোটাররা কোন্ কেন্দ্রে ভোট দিতে যাবেন তা এবার মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) এ পদ্ধতি চালু করেছে। এজন্য যা করণীয় তা হচ্ছে ভোটারকে তার মোবাইলের এসএমএস অপশনে যেতে হবে। তারপর যাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৭ ডিজিট, তাদেরক Id লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিট জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করতে হবে। তারপর ২২৩৩ নম্বরে এসএমএসটি প্রেরণ করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৩ ডিজিটের তাদেরকে Id লিখে স্পেস দিয়ে ৪ ডিজিটে জন্ম সাল টাইপ করে তার সাথেই ১৩টি ডিজিট জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করতে হবে। এরপর ২২৩৩ নম্বরে এসএমএসটি প্রেরণ করতে হবে। এসএমএস প্রেরণের কিছুক্ষণ পরই একটি ফিরতি এসএমএসে ভোটারের নাম, সিরিয়াল, সেন্টার ও এরিয়া সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। ইসির জনসংযোগ শাখার পরিচালক আসাদুজ্জামান আরজু ইত্তেফাককে বলেন, যেকোন মোবাইল থেকে এই সেবা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে একটি এসএমএস চার্জ কর্তন করা হবে।