নগরীর ফিরোজ শাহ আল জামেয়া ইসলামিয়ার সহকারী প্রিন্সিপাল, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা হাফেজ ফায়সাল বিন তাজকে জামায়াত-শিবির আখ্যা দিয়ে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে মাওলানা ফায়সাল বিন তাজ উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে আকবর শাহ থানার ওসি আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দফায় দফায় আমাকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে। সর্বশেষ গত ১১ জুন রাতে ওসির নেতৃত্বে একদল পুলিশ ফিরোজ শাহ কলোনিতে আমার বাসায় অভিযান চালায়। এ সময় আমাকে না পেয়ে আমার ভাই হাফেজ জোবাইর এবং বাসার দারোয়ান মো. রফিককে ধরে নিয়ে যান। খবর পেয়ে ফিরোজ শাহ আল জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা হাফেজ ইউসুফসহ মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণ আকবর শাহ থানায় গেলে পুলিশ আলেম-ওলামাদের সাথে দুর্ব্যবহার করে। এরপর আগামী ৭ দিনের মধ্যে আমাকে হাজির করার মুচলেকা দিলে হাফেজ জোবাইর ও দারোয়ান রফিককে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে আকবর শাহ থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, গত রবিবার হরতালের আগের দিন রাতে ফয়সাল তার বাসায় কিছু লোকজন নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফয়সাল ও তার সহযোগীরা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। ফয়সালকে থানায় নিয়ে আসার শর্তে মুচলেকা নিয়ে পরদিন ঐ দু‘জনকে ছেড়ে দেয়া হয়। ফয়সালের বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে উল্লে¬খ করে আবদুর রাজ্জাক বলেন, এসব অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই ফয়সালকে থানায় আসতে বলেছি।
