সিলেটে আজ কোন জনসভা হচ্ছে না

আপডেট : ১২ জুন ২০১৩, ২৩:০৪
আচরণ বিধিতে না থাকায় সিলেটে দুই মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান ও আরিফুল হক চৌধুরী আর সমাবেশ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার দুই প্রার্থী শেষ নির্বাচনী জনসভা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আচরণবিধিতে শুধু পথসভার সুযোগ রয়েছে। ১৪ দলের সমর্থিত প্রার্থী নগরীর রেজিষ্ট্রারি মাঠে এবং ১৮ দলের সমর্থিত প্রার্থী নগরীর কোর্ট পয়েন্টে জনসভা করার কথা ছিল। কিন্তু গতকাল বিকালে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকেই জনসভা না করার নির্দেশ দেয়। মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের শেষ র্নিবাচনী জনসভার মঞ্চ তৈরি করেছিলেন। গতকাল বিকালে আঞ্চলিক নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার ও সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টিম আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মঞ্চ তুলে নেয়ার নির্দেশ দেন। পরে প্রার্থীর কর্মীরা মঞ্চ তুলে নেন। আরিফুল হক চৌধুরীও জনসভা করার বিভিন্ন ধরনের প্রচার চালিয়েছিলেন। অন্যান্য দিনের মতো আজও দুই মেয়র প্রার্থী নগরীর বিভিন্ন স্থানে পথসভা করবেন। নির্বাচন আচরণ বিধি অনুযায়ী আজ রাত ১২ টার পর থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে।