রাজবাড়ীর বিএনপি নেতা বাবলু হত্যার প্রধান আসামি বাচ্চুর আদালতে স্বীকারোক্তি

আপডেট : ১২ জুন ২০১৩, ২৩:০৫
রাজবাড়ীর চাঞ্চল্যকর বিএনপি নেতা এসএম সামসুল আলম বাবলু হত্যার নয় মাস পর মামলার প্রধান আসামি পৌর কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চুসহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর বাচ্চু রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতে দেয়া জবানবন্দিতে বাচ্চু বলেন, জেলা শহরের বেড়াডাঙ্গা গ্রামে আজিজের ছেলে ও প্রভাবশালী ঠিকাদার বাপ্পীর সহযোগিতায় বাবলুকে হত্যা করেছি। মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী থানার এসআই ওয়াদুদ আলম বলেন, গত শুক্রবার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যানুযায়ী পাবনা জেলার সুজানগরের গবিন্দপুর গ্রামের জিতেন হলদারের ছেলে লালন হলদার (৩৫) ও জেলা শহরের বেড়াডাঙ্গা গ্রামের মকিম বিশ্বাসের ছেলে সনোয়ার রহমান জকিকে (৩২) পুলিশ গ্রেফতার করে। লালন ও জকিকে ছয় দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কুলি আরিছ, অনিক, আরিফ, খায়রুল এবং সন্দেহজনক হিসেবে ইয়াকুব, মনাক্কা ও মানিক মহুরিকে গ্রেঢতার করা হয়।