টানা তিনদিন শেয়ারবাজারে সূচক বাড়ার পর গতকাল কিছুটা মিশ্র প্রভাবের মধ্য দিয়ে পার হয়েছে। দিনের শুরুতে সূচক বাড়লেও পরে তা কমতে শুরু করে। তবে গত কয়েক দিন ধরে দর বাড়ার পর মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকে সূচক কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৯ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪৯ লাখ ৬১ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১৬০ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ঊর্ধ্বমূখী প্রবণতায় কিছুটা ছেদ পড়েছে। এটা হয়েছে বিক্রয়ের প্রবণতা কম থাকায়। এদিন বাজারে লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ২১ শতাংশ কমেছে। বাজারে পতন হলেও বিনিয়োগকারীরা একে দর সংশোধন হিসেবেই বিবেচনা করছেন। বাজারে দর বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল সাধারণ বীমা ও জীবন বীমা খাত। আর দর পতনের দিক থেকে এগিয়ে ছিল সিমেন্ট, ব্যাংক ও নন ব্যাংক আর্থিক খাত। বাজারে মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশই হয়েছে জ্বালানি খাত ঘিরে। এরপরই রয়েছে পোশাক খাতের অবদান।
এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদ জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। গত ১২ জুন ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটির তালিকাভুক্তির অনুমোদন দেয়। তবে কবে থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন হবে তা এখনো ঘোষণা করা হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত রয়েছে।
