বিএসইসিকে কঠোর হওয়ার আহ্বান ডিএসই প্রেসিডেন্টের

আপডেট : ১৩ জুন ২০১৩, ২০:২৬
পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরদারি আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট রকিবুর রহমান। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বিদায় উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। রকিবুর রহমান বলেন, বাজার উন্নয়ন করতে হলে কোম্পানিগুলোর মধ্যে কর্পোরেট কালচার ও কর্পোরেট গর্ভনেন্স গাইডলাইন পরিপালনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। কোনো কোম্পানি যেন বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করতে না পারে এবং কোম্পানির তথ্য প্রাপ্তিতে সবাই যেন সমান সুযোগ পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এসব কাজে এগিয়ে আসতে হবে বিএসইসিকে। তিনি বলেন, পুঁজিবাজারে অনিয়মের ঘটনা ঘটতে পারে, তাই বিএসইসিকে সে ব্যাপারে কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে। কেউ অনিয়ম করলে তাকে কঠোর শাস্তি দেয়ারও পরামর্শ দেন রকিবুর রহমান। তিনি বলেন, পুঁজিবাজার ঠিক রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংক, সরকার এবং অর্থ মন্ত্রণালয়ের ভূমিকাই বেশি। তাই সংশ্লিষ্ট সকলকে পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য সমন্বয় করে কাজ করতে হবে। এসময় তিনি কোম্পানির ঋণ পরিশোধে বাজার থেকে টাকা তোলার প্রবণতা বন্ধের সুপারিশ করেন। পাশাপাশি মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার তাগিদ দেন। এদিকে বিদায় উপলক্ষে রকিবুর রহমান বিএসইসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে গতকাল দেখা করেন।