এ দেশের অন্যতম সংগীতশিল্পী নাশিদ কামাল বাংলাদেশের সংগীত সাধকদের গান এবং তার পরবর্তী চর্চা নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন। বাংলাভিশনের জন্য নির্মিতব্য এই সংগীতানুষ্ঠানের নাম ‘পদ্মার ঢেউ রে’। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নাশিদ কামালের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠান প্রসঙ্গে নাশিদ কামাল বলেন, ‘গান নিয়েই যেহেতু আমার কাজ, আমার ধ্যান। তাই একটি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করতে স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দ্যবোধ করি। অনুষ্ঠানে বৈঠকী ঢঙে প্রতি পর্বে স্বনামখ্যাত দুজন করে সংগীতশিল্পী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গানের রচনাকাল, পটভূমি আলোচনা করা হবে এই অনুষ্ঠানে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন সময়ে কোরাস গান করবেন উপস্থাপক ও অতিথিরা। এ ছাড়া প্রাসঙ্গিক গানও শোনা যাবে উপস্থাপকের কণ্ঠে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।
