সন্তানের বাবা-মা হতে কে না চায়। আর যদি কোন কারণে সন্তান ধারণে বিলম্ব হয় তাহলে ডাক্তারের কাছে ছোটাছুটি। ডাক্তার সাহেব ধরিয়ে দেন নানা ওষুধপত্র। হাজার-লাখ টাকার পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্য মতে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় সাড়ে ৭ কোটি নারী প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন। কিন্তু কখনই ডাক্তার সাহেবরা এক্ষেত্রে ডায়েট বা খাবারের কথা বলেন না। বিশেষজ্ঞদের মতে যথাযথ স্বাস্থ্য উপদেশের সঙ্গে যদি ফার্টিলিটি ডায়েট চার্ট অনুসরণ করা যায় তাহলে কাঙ্ক্ষিত শুভ সংবাদটি আসতে পারে। আর এক্ষেত্রে ফার্টিলিটি ডায়েট সম্পর্কে বলতে গিয়ে বিশেষজ্ঞগণ বলছেন প্রক্রিয়াজাত কৃত্রিম খাবার পরিহার করে গার্ডেন ফ্রেশ অর্গানিক খাবার আহারের কথা। পরিহার করতে হবে টক্সিন ও হরমোন। আহার করতে হবে হেলদি ফ্যাটস বা স্বাস্থ্যসম্মত ওমেগা-৩ সমৃদ্ধ চর্বি, যেমন: মাছ, ডিমের সাদা অংশ, পাস্তুরিত গরুর মাংস, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই, আয়োডিন সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি পাওয়া যায় কিছু কিছু মাছ, ঘাস খাওয়া গরুর দুধ থেকে তৈরি মাখন, পাস্তুরিত ডিম থেকে। ভিটামিন এ, ই পাওয়া যায় বিফ লিভার, অর্গানিক বাটার, কডলিভার অয়েল, গাজর, অর্গানিক মিট, সানফ্লাওয়ার সিড, আমলকি, গাঢ় সবুজ শাক-সবজি, অলিভ অয়েল ইত্যাদি থেকে। আর আয়োডিন পাওয়া যায় খাবার লবণ, সামুদ্রিক মাছ এবং সমুদ্র উপকূলে জন্মানো সবজি ও ফলমূল থেকে।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
