চট্টগ্রামের লোহাগাড়ায় অলিতে গলিতে গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। কারো অনুমোদন আছে, কারো নেই। অনুমোদন থাকলেও ঠিকভাবে মানা হচ্ছে না নীতিমালা। যত্রতত্র ফেলা হচ্ছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য। এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। বর্জ্যের মধ্যে রয়েছে সিরিঞ্জ, প্যাড, গজ, রক্ত ও পুঁজমাখা আবর্জনা। অনেক সময় দেখা যায়, পথশিশুরা পরিত্যক্ত সিরিঞ্জ নিয়ে খেলা করছে। উত্কট দুর্গন্ধে পথচারীরা নাকাল। দেখার যেন কেউ নেই! লোহাগাড়ায় পৌরসভা ঘোষণা না হলেও শহর উন্নয়ন কমিটির নির্বাচিত পরিষদ রয়েছে। ভুক্তভোগীরা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা গ্রহণ করে, বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে ফেলার দাবি জানিয়েছেন। এ সমস্যাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে। যথাশীঘ্র ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মারুফ খান
লোহাগাড়া, চট্টগ্রাম
