ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার নিশ্চিত যে ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের আয়োজনের জন্য প্রস্তুত থাকবে। স্বাগতিক দেশটি অবশ্য বিশ্বকাপের আগেই নিজেদের অবকাঠামোগুলোর কার্যকারিতা পরখ করার সুযোগ পাচ্ছে ১৫ জুন শুরু হতে যাওয়া আট জাতির কনফেডারেশন কাপ দিয়ে।
ব্লাটার বিশ্বাস করেন আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ব ফুটবলের রাজসূয়া আসরটির জন্য যথার্থ গন্তব্য হিসেবে ব্রাজিল নিজেদের প্রমাণ করতে সক্ষম হবে। এ ব্যাপারে জানতে চাইলে ৭৭ বছর বয়স্ক ব্লাটার বলেন, ‘এই প্রশ্নটি আমাকে কনফেডারেশন কাপের পর করবেন। তবে এরপরও তারা অবশ্যই প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমি স্টেডিয়ামগুলো দেখেছি। আমি সেসব দেখেছি কেবলমাত্র ছবি ও ভিডিও আকারে। আমাকে অবশ্যই স্টেডিয়ামগুলোর দায়িত্বে থাকা স্থপতিদের অভিনন্দন জানাতে হবে। বিভিন্ন শহরে অবস্থিত এ স্টেডিয়ামগুলো হলো রত্নের মত। আমি কনফেডারেশন কাপের সময় সেখানে থাকবো বলে খুবই আনন্দিত।’
ফুটবলের বিশ্ব প্রধান আরো বলেন, ‘ব্রাজিল শক্তিশালী একটি দেশ। শুধুমাত্র ফুটবলেই নয়; অর্থনীতিতেও। আমি নিশ্চিত বিশ্বকাপের পরও সামাজিক ও সাংস্কৃতিক দিক বিবেচনায় তাদের এ মহিমা অব্যাহত থাকবে।’ তার মতে-বহুজাতিক দেশটিতে ফুটবল সকল মানুষকে এক সূত্রে গাথবে। ফুটবলে কোন ভেদাভেদ নেই। সবাই ফুটবলের সমর্থক, সবাই খেলাটির সেরা দিক কি তা জানে, তারাই হলো সেরা খেলোয়াড়, কোচ এবং রেফারি।’ সকারওয়ে।
