উপজেলায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে আন্তঃজেলা জলদস্যু বাহিনীর প্রধান নেয়ামত উল্যাহকে (৪০) আহত অবস্থায় গ্রেফতার করেছে। এছাড়াও একটি দেশীয় বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় নোয়াখালী সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ বলেন, দীর্ঘদিন চেষ্টার পর নেয়ামতকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নে গত বুধবার রাতে আন্তঃজেলা জলদস্যু বাহিনীর প্রধান নেয়ামত উল্যাহ ও তার দলের সদস্যরা ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সংবাদে কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে ফেনী নদীর তীরবর্তী এলাকা পুলিশ ঘিরে ফেলে। এক পর্যায়ে নেয়ামত উল্যাহ পালানোর জন্য নদীতে ঝাপ দিলে পুলিশ সদস্যরা নদী থেকে কৌশলে তাকে উদ্ধার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মুছাপুরে বন বিভাগের বনাঞ্চল থেকে একটি দেশীয় বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জলদস্যু বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে নেয়ামত আহত হন।
