বাসাইলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১৩ জুন ২০১৩, ২২:৩০
উপজেলায় ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিল করাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ১০জন আহত হয়েছে। বাসাইল উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে বাসাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রদল। এই কমিটি বাতিল করাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। শাহ আলমের নেতৃত্বাধীন আহবায়ক কমিটির বিলুপ্তি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খানকে স্বাগত জানিয়ে গতকাল সকালে একটি মিছিল বের করে স্থানীয় ছাত্রদলের একটি গ্রুপ। অপর দিকে আহবায়ক কমিটি বিলুপ্তির প্রতিবাদে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মিন্টুর নেতৃত্বে বের হয় আরেকটি মিছিল। পরে গতকাল দুপুরে ছাত্রদলের এই দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে চ্যানেল আই ও রেডিও টুডের জেলা প্রতিনিধি এবং টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদসহ ছাত্রদলের অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি কাজি শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক আহতের ঘটনায় দলের কোন কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।