ভারতের মাওবাদীরা এবার ট্রেনে হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিহারে একটি ট্রেনে শতাধিক মাওবাদী হামলা চালায়। তাদের গুলিতে তিনজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয় আরো সাতজন। ট্রেনটি ধানবাদ থেকে বিহারের রাজধানী পাটনা যাচ্ছিল। সশস্ত্র মাওবাদীরা টেনের চালক ও গার্ডকে ট্রেন থামাতে বাধ্য করে। এরপর তারা নিরাপত্তাকর্মীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এতে এক আরপিএফ জওয়ানসহ তিনজন নিহত হয়। পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, ট্রেনটি জামুইয়ে বনাঞ্চলে প্রবেশ করলে মাওবাদীরা ট্রেনটি চারদিক ঘিরে রেখে গুলি চালায়। এরপর আধা ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়।
মহারাষ্ট্রে নিহত ৩
গত বুধবার মহারাষ্ট্রে মাবাদীদের গুলিতে পুলিশ অফিসারসহ তিনজন নিহত হয়। নাগপুরের কাছে গড়চিরোলি জেলায় এ ঘটনা ঘটে। গতকাল পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন একটি স্টিল কারখানার কর্মী। গত সপ্তাহে ছত্তিশগড়ে কংগ্রেসের গাড়ি বহরে মাওবাদীদের হামলায় রাজ্য কংগ্রেসের শীর্ষ রাজনীতিবিদসহ ১৯ জন নিহত হয়।
