পুরান ঢাকার ধোলাইখালে হেলে পড়া ৬ তলা বাড়িটি ভাঙ্গার কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে বাড়ির মালিক নিজ খরচে বাড়িটি ভাঙ্গার কাজ শুরু করেন। অবশ্য বাড়িটি ভাঙ্গার কাজ তদারকি করছে রাজউক কর্তৃপক্ষ।
রাজউকের অথরাইজড অফিসার আমিনুর রহমান ইত্তেফাককে বলেন, ধোলাইখালে অবস্থিত ভবনটি গত বুধবার পাশের একটি ভবনের গায়ে হেলে পড়ে। খবর পেয়ে রাজউক ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং থানা পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। প্রথমে ভবন এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ভবনের মালিক শহিদুল ইসলামকে ডেকে বাড়িটি দ্রুত ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।
এ ব্যাপারে বাড়ির মালিককে চূড়ান্ত নোটিসও দেয়া হয়েছে। রাজউকের ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, বাড়ি ভাঙ্গার কাজ চলছে। রাজউক ভবন ভাঙ্গার কাজের তদারকি করছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
