নিরাপত্তার স্বার্থে পুলিশ কঠোর হতে বাধ্য

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৫
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, চার সিটি নির্বাচনে নিরাপত্তার স্বার্থে এবং নির্বাচনকে সুষ্ঠু করতে পুলিশ কঠোর হতে বাধ্য। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন। এর জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করবে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো পরিস্থিতি হয়নি। বরিশালের ঘটনার রিপোর্ট আমরা এখন পর্যন্ত পুরোপুরি পাইনি। তিনি আরও বলেন, পুলিশের মতো সেনাবাহিনীর কাজও নিরাপত্তা নিশ্চিত করা। সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসক পরিস্থিতির আলোকে ব্যবস্থা নিবেন। এছাড়া আমাদের রিটার্নিং অফিসার সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। ইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থী ও ভোটার সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাকরি, সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।