বুলবুলের বাবা শান্তি কমিটির নেতা ছিলেন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৬
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে ‘রাজাকার পুত্র’ আখ্যায়িত করে তাকে ভোট না দেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর ইউনিট কমান্ড। মুক্তিযোদ্ধারা বলেন, বুলবুলের বাবা ডা. রশিদ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির একজন সক্রিয় নেতা ছিলেন। তার নেতৃত্বে অনেক মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে হত্যা করা হয়। বহু মানুষের বাড়ি-ঘর লুটপাট ও অগ্নিসংযোগের নেতৃত্বও দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের আহবায়ক ডা. আবদুল মান্নান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, মীর ইকবাল, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, শফিকুর রহমান রাজা, বরজাহান আলী, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান মর্জিনা বেগম, পুঠিয়ার মুক্তিযোদ্ধা রওশন আলী, ওয়াজেদ আলী, আবুল হোসেন, আবদুল কাদের প্রমুখ। মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীর পুঠিয়াতে শান্তি কমিটির সদস্য হিসেবে ডা. রশিদ নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। শান্তি কমিটির নেতা ডা. আবদুল মজিদ, আবদুর রহমান, মাওলানা আবদুল আজিজ ও আবদুল কুদ্দুস সরকারের যোগসাজশে ডা. রশিদ হিন্দুদের বাড়ি-ঘর লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি পুঠিয়া থেকে পালিয়ে রাজশাহী মহানগরীর উপশহরে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে রাজশাহীর মুক্তিযোদ্ধারা তার কুকর্মের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়ে আসছেন। তাই ‘রাজাকার পুত্র’কে ভোট না দিতে রাজশাহীবাসীর প্রতি অনুরোধ জানান তারা।