ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত স্বামী

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৯
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী মোবারক নৃশংসভাবে কুড়াল দিয়ে কুপিয়ে তার স্ত্রী ছয় সন্তানের জননী সেলিনা আক্তারকে খুন করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোর রাতে ঘুমন্ত স্ত্রীকে খুন করার পর মোবারক মোবাইল ফোনে খুনের বিষয়টি এলাকার লোকজন ও শ্বশুর বাড়ির লোকজনদের অবহিত করে। এ ঘটনায় নিহতের পিতা গোলাপ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মোবারকের মা নুরুন্নাহার জানান, আমার ছেলে মাদকাসক্ত। তিন বছর আগে থানায় অভিযোগ দিয়ে আমি আমার এই ছেলেকে (মোবারক) ২২ দিন জেলহাজতে রেখেছিলাম।