ইউপি চেয়ারম্যান বরখাস্তের জের

জিয়ানগরে হরতাল পালিত

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৯
জিয়ানগরে বালিপাড়া ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করায় বৃহস্পতিবার উপজেলার বালিপাড়ার বিভিন্ন এলাকায় দিনব্যাপী হরতাল পালিত হয়। বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সমর্থকরা হরতাল পালন করে। সরেজমিনে বালিপাড়ার চণ্ডিপুর এলাকায় গেলে দেখা যায়, চণ্ডিপুর বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। ওই এলাকায় ভারী কোন যানবাহন চলাচল করেনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। চণ্ডিপুরে হাটের দিন হওয়া সত্ত্বেও দুপুর পর্যন্ত তেমন কোন ক্রেতা বিক্রেতার দেখা মেলেনি। তবে কোন সংহিংসতার ঘটনা ঘটেনি। উল্লেখ্য, জামায়াত শিবিরের সহিংসতায় সহযোগিতা করার অভিযোগে বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে চেয়ারম্যানের সমর্থক বলছেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুণ্ডু জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বালিপাড়ার ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ আমরা পেয়েছি। আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।