রাজশাহী মহানগরীর হেতেম খাঁ এলাকায় বুধবার সন্ধ্যায় দেখা গেল কয়েকজন শিশু নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে মিছিল করছে। তাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে হবে। সংখ্যায় খুব বেশি না, ৮/১০ জন। তাদের হাতে আনারস প্রতীকের প্ল্যাকার্ড। শিশুদের এই মিছিল দেখে কৌতূহল হলো, কাছে গিয়ে তাদের কাছে জানতে চাইলাম কার জন্য তোমরা ভোট চাইছ? সবাই একযোগে বলল- আনারসের জন্য। এই প্রতীকে কে দাঁড়িয়েছে, এমন প্রশ্ন করতেই মুখ কালো হয়ে গেল সবার। পরস্পর একে অপরের দিকে চাওয়া-চাওয়ি করতে লাগল। শেষ পর্যন্ত একজন সাহস করে বলল- আনারস প্রতীক নিয়ে দাঁড়িয়েছে বুলবুল। তিনি কোন দলের প্রার্থী সে প্রশ্নটির উত্তর অবশ্য তাদের কাছ থেকে পাওয়া যায়নি। কেউ বলতেও পারেনি। এলাকার চা দোকানির কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেল, নির্বাচন উপলক্ষে রাজশাহী এখন উত্সবের নগরী। সবার মধ্যে এক ধরনের উত্সব-উত্সব ভাব। তাই শিশুরাও এই উত্সব থেকে বাদ যাচ্ছে না। কার প্ল্যাকার্ড নিয়ে কার পক্ষে মিছিল করছে তা তারা কিছুই বোঝে না। মিছিল করতে হবে, তাই কয়েকজন বন্ধু মিলে রাস্তায় নেমে এসেছে। ওই চা দোকানি বললেন, ওই শিশুদের একজনের বাবা আওয়ামী লীগ সমর্থক প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের কট্টর সমর্থক। তারপরও শিশুটি বুলবুলের প্ল্যাকার্ড নিয়ে বন্ধুদের সঙ্গে মিছিল করছে।
