সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সংবাদ কর্মীদের জন্য যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য রোয়েদাদ ঘোষণার জন্য ৮ম ওয়েজ বোর্ড ও সরকারের প্রতি দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল বৃহস্পতিবার ডিইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের এক সভায় নেতৃবৃন্দ বলেন, গত ৫ বছরে জ্বালানি, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে। এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ও আসন্ন পে-স্কেল বিবেচনায় নিয়ে সাংবাদিক-কর্মচারীদের রোয়েদাদ প্রণয়ন করতে হবে। নইলে সংবাদপত্র শিল্পে হতাশা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এছাড়া যে কোন ধরনের নামমাত্র বেতন বোর্ড রোয়েদাদ এ শিল্পে কর্মরতদের কাছে গ্রহণযোগ্য হবে না। সভায় ডিইউজে’র সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, তরুণ তপন চক্রবর্তী, আবদুল মজিদ, মফিজুল ইসলাম, সোহেল হায়দার চৌধুরী, মীর আফরোজ জামান, খন্দকার মোজাম্মেল হক, আবুল খায়ের, আশেকুন নবী চৌধুরী, মাহমুদুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
