দিনভর প্রচারণা দু’শ টাকায়?

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:১১
মাত্র দু’শ টাকা দিয়েই চলছে দিনভর প্রচারণা। তাও মিছিল-মিটিং বা শ্লোগান নয়, নিজের বাহনে উঠা যাত্রীকে প্রতীকের কথা বললেই হবে। গতকাল দুপুরে শিরোইল থেকে ইজিবাইকে করে বের হওয়ার পরই মিলল এই তথ্য। জুলহাস নামে ইজিবাইক চালক বললেন, বিএনপি সমর্থিত প্রার্থী বুলবুলের একজন ক্যাম্পেইনার তাকে প্রতিদিন দু’শ টাকা করে দেয়। তার বিনিময়ে তাকে ইজিবাইকে উঠা যাত্রীকে কৌশলে আনারসের (বুলবুলের প্রতীক) অবস্থা ভালো এটা বলতে হয়। চারজন সাংবাদিককে নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই জুলহাস জানতে চায়, ‘স্যার আপনারা কি সাংবাদিক? ঢাকা থেকে এসেছেন?’ উত্তর-হ্যাঁ বলার পরই তার প্রশ্ন- স্যার কার অবস্থা ভালো বুঝলেন? আমরা এখনো কিছু বুঝে উঠিনি জানালে, জুলহাস বলেন—‘স্যার যাই বলেন, আনারসই পাস করবে।’ কেন তার এই ধারণা—প্রথমে কিছু না বললেও অনেক প্রশ্নের মধ্যে জুলহাস বললেন, তিনি আনারসে ভোট দেয়ার মনস্থির করেছিলেন। কিন্তু বুলবুল যেদিন বলেছেন, তিনি নির্বাচিত হলে সব ইজিবাইক তুলে দেবেন, শহরে মেট্টো বাস সার্ভিস চালু করবেন, সেই দিন থেকে কোন ইজিবাইক চালক আর বুলবুলকে ভোট দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আনারস তাহলে কিভাবে পাস করবে—এমন প্রশ্নের জবাবে পাওয়া গেল আসল তথ্য। এক পর্যায়ে স্বীকার করলেন, প্রতিদিন তিনি দু’শ টাকা পান শুধুমাত্র তার বাহনে উঠা যাত্রীদের আনারসের অবস্থা ভালো বলার জন্য। যারা টাকা দেন তারা বিষয়টি তদারকি করেন। তাই ইচ্ছের বাইরেও টাকার জন্য তিনি এমনটি বলেছেন। বিদায়ের সময় তিনি অনুরোধ করলেন, বিষয়টা যেন আমরা কাউকে না বলি?