স্বামী সদ্য বিদায়ী সিটি মেয়র শওকত হোসেন হিরনের ব্যক্তিইমেজকে কাজে লাগিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন হিরন-পত্নী ও নারীনেত্রী জেবুন্নেছা আফরোজ। গতকাল বৃহস্পতিবার প্রচারণার শেষ দিন পর্যন্ত প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই তিনি বেরিয়ে পড়েছেন গণসংযোগে। পাড়া-মহল্লার অলি-গলিতে ভোটারদের বাসাবাড়ি থেকে শুরু করে অতীতের ন্যায় তিনি নিজেই গিয়ে উপস্থিত হয়েছেন ভোটারদের রান্নাঘরে পর্যন্ত। ভোটারদের কাছে তুলে ধরেছেন তার স্বামী হিরনের সময়কার উন্নয়নের নানাচিত্র। সাথে ছিল আগামীর উন্নয়ন ভাবনার প্রতিশ্রুতি ও নানান স্বপ্নের কথা। নারীনেত্রী জেবুন্নেছা আফরোজের বিরামহীন প্রচার-প্রচারণায় নারী ভোটারদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নারী ভোটার থেকে শুরু করে নতুন মুখের ৩১ হাজার তরুণ ভোটারের অনেকেই হিরন-পত্নী জেবুন্নেছা আফরোজের প্রচার-প্রচারণায় আকৃষ্ট হয়ে হিরনের টেলিভিশন মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলশ্রুতিতে প্রতিদিনই তরুণ-তরুণীকে জেবুন্নেছা আফরোজের সাথে প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা যায়।
