প্রতিবন্ধী বিষয়ে নীতিমালা প্রণয়নের দাবি

আপডেট : ১৪ জুন ২০১৩, ১৯:৩৭
বাংলাদেশে প্রায় ২ কোটি ৪০ লাখ প্রতিবন্ধী গত ২৫ বছর ধরে অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে। কিন্তু তাদের প্রয়োজন ও দাবির প্রতি সরকার গুরুত্ব দেয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারভিত্তিক জাতিসংঘ সনদ, প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনার বাস্তবায়ন হয়নি। চট্টগ্রাম প্রেসক্লাবে গত রবিবার প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ, চট্টগ্রাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিষদের আহ্বায়ক মো. জাহেদুল আলম চৌধুরী এ কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে অবহেলা ও বৈষম্যমুক্ত করতে সুনির্দিষ্ট দাবিসমূহ নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, মন্ত্রীবৃন্দসহ রাষ্ট্রের সকল কর্তৃপক্ষের সাথে আমরা বৈঠক করেছি। কিন্তু আমাদের একটি দাবিও সরকার গ্রহণ করেনি। আমাদের মর্যাদা করুণা ও দয়ার ওপর নির্ভরশীল। এছাড়া আমরা দেশে ১ কোটির অধিক ভোটার। আমাদের পরিবারকে যোগ করে প্রায় ৫ কোটি ভোটারকে সরাসরি আমরা প্রভাবিত করতে পারি। তারা তিনদফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান। দাবিগুলো হচ্ছে- একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয় গঠনসহ জাতীয় সংসদের ৩৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে ২টি করে প্রতিবন্ধী প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণ করা।