সমপ্রতি গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি-২০১৩ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজউদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। এছাড়া সভায় চল্লিশটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। প্রধান অতিথি সমাজে প্রতিবন্ধীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সুযোগ-সুবিধা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি সংশ্লিষ্ট জরিপ কর্মকর্তাদেরকে জরিপ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্তা ও বয়স্কভাতা চালু করে শেখ হাসিনার সরকার দেশে যুগান্তকারী মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। বিগত কোন সরকার দুঃস্থ ও অসচ্ছল মানুষের জন্য এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেনি। প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারাও দেশ গঠন প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
